গাইবান্ধায় অপহূত ব্যবসায়ী হাসানকে উদ্ধার করে পুলিশ পুনরায় অপহরণকারীর হাতে তুলে দেওয়ার পর ঐ ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় সদর থানার ওসি (তদন্ত) মজিবর রহমান ও উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মোশাররফ হোসেনকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে। এছাড়া এ ঘটনায় গাইবান্ধা সদর থানার ওসি মো. মাহফুজার রহমানের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না—এই মর্মে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এ ঘটনায় জেলা পুলিশের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন গত মঙ্গলবার জমা দেওয়ার পর ঐদিন রাতেই এ ব্যবস্থা গ্রহণ করা হয় বলে সাংবাদিকদের জানান জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। তিনি জানান, ঐ দুই কর্মকর্তা দায়িত্বে অবহেলা করেছেন বলে তদন্ত কমিটি প্রতিবেদনে উল্লেখ করেছে।