অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু

লকডাউনের মধ্যে ১৬ দিন বন্ধ থাকার পর গতকাল বুধবার সকাল থেকে  দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। কক্সবাজার বাদে অভ্যন্তরীণ অন্য গন্তব্যগুলোতে ফ্লাইট চলাচল করেছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, সকাল থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর ও বরিশালে ইউএস-বাংলার পাঁচটি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। কোনো ফ্লাইট বাতিল হয়নি। নভোএয়ার জানায়,গতকাল চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর, বরিশাল ও রাজশাহীতে তাদের ছয়টি ফ্লাইট চলাচল করেছে।

এর আগে মঙ্গলবার কক্সবাজার ব্যতীত দেশের অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চালু করার কথা জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। গত ৫ এপ্রিল থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ করা হয়েছিল।