ধান কেটে দেওয়া শুরু করল কৃষক লীগ

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের গেরাজুরের হাওরে কৃষক মোহাম্মদ জালাল মিয়ার জমির ধান কেটে দিয়ে সারা দেশে ‘ধান কাটা’ উদ্বোধন ঘোষণা করেছে বাংলাদেশ কৃষক লীগ। গতকাল বুধবার ধান কাটা উদ্বোধনের দিনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতির নেতৃত্বে কৃষক লীগের  কেন্দ্রীয়, জেলা, উপজেলার নেতাকর্মীরা।

কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, সংগ্রাম ও অর্জনে দুর্যোগ-দুর্বিপাকে এদেশের কৃষক-কিষানিকে সঙ্গে নিয়ে কৃষক লীগের গৌরবময় পথচলার ৪৯ বছর। এই ৪৯ বছরে বাংলাদেশ কৃষক লীগ এদেশের কৃষি ও কৃষকের পাশে ছিল। বৈশ্বিক মহামারি করোনার কারণে কৃষক যখন পাকা ধান নিয়ে বিপদে পড়েছিলেন, বাংলাদেশ কৃষক লীগের নেতাকর্মীরা তখন কৃষকের ধান কেটে গোলায় তুলে দেন। গতবারের মতো এবারও বাংলাদেশ কৃষক লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে কৃষকের ধান কেটে গোলায় তুলে দেবে। এ সময় নেতাকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে কৃষকদের ধান কেটে গোলায় তুলে দিয়ে পাশে দাঁড়াতে আহ্বান জানান কৃষক লীগের নেতৃবৃন্দ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  বাংলাদেশ কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, কেন্দ্রীয় কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আক্তারুজ্জামান শিপন, কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি আহমদ উল্লাহ প্রমুখ।