শিশু বক্তাখ্যাত রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে দুটি মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে দুটি আদালত। ময়মনসিংহ ও গাজীপুর প্রতিনিধি ও ত্রিশাল সংবাদদাতা জানান :
ময়মনসিংহে শিশু বক্তাখ্যাত মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
গতকাল বুধবার সকালে ভার্চুয়ালি শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হাই।
বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট সাব ইন্সপেক্টর মো. আব্দুল হাই। তিনি বলেন, গত ২৮ মার্চ হরতালের নামে নাশকতা, নগরীর চড়পাড়া মোড়ে পুলিশ বক্স ভাঙচুর, বাসে আগুনসহ পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ভার্চুয়ালি হাজির হয়ে কোতোয়ালি থানা পুলিশ সাত দিনের রিমান্ড চাইলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে অভিযুক্ত বিতর্কিত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানীকে গাজীপুরের আরো একটি মামলায় ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে বুধবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক শেখ নাজমুন নাহার এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১৮ এপ্রিল আদালতে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার এসআই মো. সাখাওয়াত হোসেন জানান, রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে স্থানীয় মোস্তাফিজুর রহমান বাসন থানায় গত ১১ এপ্রিল ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড চাওয়া হয়। পরে ভার্চুয়ালি কোর্টের মাধ্যমে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ৮ এপ্রিল নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটকের পর গাজীপুর মেট্রোপলিটন গাছা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন র্যাব। এরপর থেকে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আছেন।