টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বোরো জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে বিবাদের জেরে গতকাল বুধবার সন্ধ্যায় হযরত আলী (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি মঠবাড়ী গ্রামের মৃত রহিম উদ্দীনের ছেলে।
ধনবাড়ী থানা পুলিশ জানায়, খরায় বোরো জমিতে আগে সেচ দেওয়াকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যায় প্রতিবেশী ওয়াজেদ আলীর সঙ্গে হযরত আলীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওয়াজেদ আলী হযরত আলীকে কিলঘুষি মারতে থাকেন। এতে হযরত আলী জ্ঞান হারিয়ে ফেলেন। প্রতিবেশীরা হযরত আলীকে মির্জাবাড়ী বাজার স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
জনতার হাতে আটক এবং গনপিটুনির শিকার ওয়াজেদ আলীকে পুলিশী পাহারায় ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।