ভারতে ১৭১০ ডোজ ভ্যাকসিন চুরির অভিযোগ

ভারতে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। এর মধ্যেই দেশটির হরিয়ানা রাজ্যের ঝিন্দের একটি হাসপাতাল থেকে এক হাজার ৭১০ ডোজ ভ্যাকসিন চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এগুলোর মাঝে কোভিশিল্ড ছিল এক হাজার ২৭০ ডোজ এবং কোভ্যাক্সিন ৪৪০ ডোজ। বৃহস্পতিবার (২২ এপ্রিল) এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ। 

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় হাসপাতালের পিপিসি সেন্টারে এই ঘটনা ঘটেছে।  সেন্টার ইনচার্জের অভিযোগ, করোনা ভ্যাকসিন কোভিশিল্ডের এক হাজার ২৭০ ডোজ ডোজ এবং কোভ্যাক্সিনের ৪৪০  ডোজ ভ্যাকসিন চুরি গিয়েছে। এই ঘটনার পর মেন স্টোরেও খোঁজখবর করা হবে বলে তিনি জানিয়েছেন। এর পরে পদস্থ কর্মকর্তাদের জানাবেন। মেন স্টোর থেকেই গোটা জেলায় ভ্যাকসিন সরবরাহ হয়।  

বৃহস্পতিবার সকালে ঘটনাটি সামনে আসে। স্টোররুমের তালা ভাঙা থাকতে দেখেন এক সুইপার। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। বুধবার রাতে এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে প্রাথমিক খবর, সিসিটিভিতে দুজনকে দেখা গিয়েছে অপরাধ করতে, তদন্ত চলছে। স্টোর রুমে অন্যান্য মূল্যবান জিনিসপত্র থাকলেও সেসব কিছুতে হাত দেওয়া হয়নি বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ল্যাপটপ ও নগদ টাকা থাকলেও তা অক্ষত রয়ে গিয়েছে। 

ইত্তেফাক/এসএ