বাংলাদেশসহ ১৫০ দেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

করোনা সংক্রমণ উচ্চহারে বাড়তে থাকায় মার্কিনিদের বাংলাদেশসহ অন্তত ১৫০টি দেশ ভ্রমণে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গত মঙ্গলবারের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভ্রমণ থেকে বিরত থাকুন বা চতুর্থ পর্যায়ের সতর্কতার তালিকায় ছিল ৩৪টি দেশ। এরপর চলতি সপ্তাহেই যোগ হয়েছে বাংলাদেশসহ ১১৬টি দেশ। গত সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, তারা বিশ্বের ৮০ ভাগ দেশকে সর্বোচ্চ ভ্রমণ সতর্কতার আওতায় আনতে পারে।

তালিকায় যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইসরায়েল, মেক্সিকো, জার্মানিসহ আরো কিছু রাষ্ট্রকে কোভিড-১৯ এর অতি উচ্চ সংক্রমণের দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এই সতর্কতা বাধ্যতামূলক নয়, এর মাধ্যমে মার্কিনিদের ওপর কোনো ধরনের ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।

ভ্রমণে বিরত থাকুন তালিকার অন্যান্য দেশের মধ্যে ভারত, পাকিস্তান, মালদ্বীপ, আফগানিস্তান, ফিনল্যান্ড, মিশর, বেলজিয়াম, তুরস্ক, ইতালি, সুইডেন, সুইজারল্যান্ড ও স্পেনও আছে। এ ছাড়া নেপাল, চীন ও জাপানের মতো আরো কয়েকটি দেশ তৃতীয় পর্যায়ের ভ্রমণ পুর্ণবিবেচনা করুন তালিকায় রয়েছে। শ্রীলঙ্কা ও ভুটানকে যথাক্রমে দ্বিতীয় ও প্রথম পর্যায়ের সতর্কতার তালিকায় রাখা হয়েছে।

ইত্তেফাক/টিএ