দুই বাংলার ছবি

শঙ্খশুভ্র পাত্র

 

জানলা দিয়ে ওই দেখা যায়

বাংলাদেশের গ্রাম,

কী সুন্দর আকাশ, বাতাস

নয়ন-অভিরাম।

বইছে নদী কলস্বরে—

রুপোলি তার ঢেউ,

গাছে ডাকছে পাখপাখালি

শুনছে বুঝি কেউ।

ইচ্ছে আমার, ওই ওখানে

করবো ঘোরাফেরা,

কিন্তু বিপদ, মাঝখানে যে

কাঁটাতারের বেড়া।

বাড়ি আমার এ-বাংলায়

ভাষা একই—মিঠে,

মানুষজনও সহজ-সরল

তেমনি গাঁয়ের ভিটে।

ভেবে যে মন আকুল করে—

আমি তো নই কবি,

তবুও দুচোখ ভরে আঁকি

দুই বাংলার ছবি।