অশ্বত্থ-পাখি

নীহার লিখন 

 

তোমাকে নিবিড় জানি অশ্বত্থ-পাখি, রঞ্জিত ফল, চিরল পাতার বিভূতি, দুলছো, যেন ভুল কেটে পাচ্ছি উষর, বিতণ্ডা ভুবনের একটু অমল

 

যদি একসাথে কৃষিকাজে নামি, আমরা দুজন আর সাঁই— দুরবিন; হল্লার  দেশে, দুধ-পোষা শিশুর মতন ফলন উঠবে হেসে, সে হাসিই জেনেছি বিজয়; তিতিক্ষা-মুখ মুছে বেরোয়,

তোমারই ঠোঁটের লালা

 

কূট-টানা কবুতর-বিভোরতা নিয়ে দেখি দুস্থ-ন্যুব্জ দুনিয়া, কামারশালা

 

দাহ্য লোহাটা কয়লায় আমাদের সহোদর ভাই, পিটাচ্ছে আরেক লোহাই

 

তোমাকে শান্তি ভেবেছি, আগুন ভাবিনি, যা প্রতিদিন পোহাই