যশোরে পুড়ে গেছে ১৫ দোকান

যশোর অফিস

যশোর জেলা পরিষদ সুপার মার্কেটে বুধবার রাত ১১টার দিকে আগুন লাগে। শহরের মুনশি মেহেরুল্লাহ ময়দান (টাউন হল মাঠ) সংলগ্ন এই মার্কেটে অগ্নিকাণ্ডে ১৫টি কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।  মার্কেটের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তারিক হাসান বিপুল জানিয়েছেন, মার্কেটের পূর্বপাশের কালু মিয়া, শাহিন, পলাশ, আমির, হোসেনসহ ১৫টি দোকানের মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ঈদুল ফিতরকে সামনে রেখে দোকানিরা নতুন কাপড় তুলেছিলেন।  যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কামালউদ্দিন ভুঁইয়া বলেন, আমাদের চারটি টিম প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মার্কেটের পেছনে জেলা পরিষদ কার্যালয়ের পাশ থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা অন্য কোনো কারণে আগুন লাগতে পারে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব নয়।