আর্জেন্টাইন ফুটবলের দুই যুগের নক্ষত্র দুজন। একজন লিওনেল মেসি, অপরজন দিয়েগো ম্যারাডোনা। তাদের শ্রেষ্ঠত্ব নিয়ে বিতর্কও কম হয়নি।
ইংল্যান্ডের এক সংবাদপত্রে কলাম লিখেছিলেন সদ্য প্রয়াত জনপ্রিয় ফুটবল লিখিয়ে জোনাথন মেকলভেনি। যেখানে তিনি মেসির চেয়ে এগিয়ে রেখেছিলেন ম্যারাডোনাকেই। তার সেই মত উড়িয়ে দিয়েছিলেন আর এক ফুটবল বিশেষজ্ঞ গ্রেম সুনেস। সেই বিতর্কে এবার যোগ দিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কিংবদন্তি ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসন।
‘দ্য সানডে টাইমস’ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ফার্গুসন বলেছেন, ‘এটা ঠিক যে ম্যারাডোনা দারুণ ফুটবলার। তবে ওর বর্ণাঢ্য ফুটবল জীবনের মেয়াদ খুব একটা দীর্ঘ ছিল না। সেখানে মেসি এক দশক ধরে অসাধারণ ফুটবল উপহার দিয়ে চলেছে। ফলে এই প্রসঙ্গে আমি সুনেসের পক্ষে আছি।’
চলতি মৌসুমে ১৯ গোল করে মেসিই এখনো লা লিগায় সর্বোচ্চ স্কোরার। ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে বার্সেলোনাও রয়েছে এক নম্বরে।
আরও পড়ুন: সন্তান নেই তিনি ৮ হাজার গাছের মা
আগামী বুধবার কোপা দেল রে ট্রফির কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা খেলবে সেভিয়ার বিরুদ্ধে। মেসিকে ছাড়া প্রথম লেগে সেভিয়ার কাছে বার্সা হেরেছে ০-২ গোলে। তাই সেমিফাইনালে যাওয়ার সমীকরণটা কঠিন হয়ে গেছে দলটির জন্য।
তবে বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে বলেন, ‘সেমিফাইনালে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। ফিরতি লেগের ম্যাচে শুরু থেকেই লিও খেলবে। ও মাঠে থাকলে ম্যাচের ধরন বদলে যায়।’
ইত্তেফাক/কেআই