তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
আজ ২৩ এপ্রিল, সাতক্ষীরার তালা উপজেলার পারকুমিরা গণহত্যা দিবস। ১৯৭১ সালের এদিনে তালা উপজেলার পারকুমিরা নামক স্থানে ৭৯ জন গ্রামবাসীকে পাকিস্তানি সেনারা ব্রাশ ফায়ার করে হত্যা করে। এর মধ্যে ৪৯ জনের লাশ পারকুমিরার বধ্যভূমিতে মাটি চাপা দিয়ে রাখা হয়। বাকি কয়েক জন শহিদদের লাশ পারিবারিকভাবে দাফন করা হয়। বাড়িতে নিয়ে কোনোরকম সত্কার করা হয়। এদিন কাশিপুর গ্রামের শেখ হায়দার আলীকে পাকিস্তানি সেনারা গায়ে পাট জড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে মারে। তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মো. মফিজ উদ্দীন বলেন, পারকুমিরায় বীর শহিদদের গণকবর রক্ষার্থে সরকারিভাবে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে স্মৃতিস্তম্ভ নির্মাণকাজ শুরু হলেও বর্তমানে তা বন্ধ রয়েছে। স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন এবং গণকবরটি সংরক্ষণ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানিয়েছেন শহিদ পরিবারের সদস্যরা।