পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারী বনগ্রাম এলাকায় ড্রেজার মেশিনের বালি চাপায় দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের মানিকপীর শিকারপুর করতোয়া নদীতে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো—বেংহারী বনগ্রাম ইউনিয়নের মানিকপীর এলাকার হাসান আলী ওরফে কেরকেরুর ছেলে আল-আমিন (৮) ও একই এলাকার রফিকুল ইসলামের ছেলে হূদয় (৭)। বেংহারী বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকালে হূদয় ও আল-আমিন দুজনে বাড়ির পাশে করতোয়া নদীর পাড়ে খেলতে যায়। এ সময় ড্রেজার মেশিন দিয়ে নদী খননকালে অসাবধানতায় মেশিনের পাইপ থেকে উত্তোলন হওয়া বালির নিচে তারা চাপা পড়ে। ইফতারের সময় শিশু দুটির পরিবার তাদের দেখতে না পেয়ে করতোয়া নদী খনন করা বালিতে খোঁজাখুঁজির এক পর্যায়ে নদীর কিনার থেকে দুটি লাশ উদ্ধার করে। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহম্মেদ বালি চাপা পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।