চাটমোহর (পাবনা) সংবাদদাতা
নারীকে যৌন হয়রানির অভিযোগে জাহিদুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে চাটমোহর থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার হরিপুর ইউনিয়নের মুশাগাড়ী গ্রামের ইয়াসিন আলীর ছেলে। থানায় দায়ের করা অভিযোগে জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে জাহিদুল ঐ নারীকে নানাভাবে উত্ত্যক্ত ও যৌন হয়রানি করে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বৃহস্পতিবার চাটমোহর থানায় যৌন হয়রানির অভিযোগে মামলা দায়ের করেন। চাটমোহর থানার ওসি মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা হওয়ার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পরে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।