নাকে মুখে চোখে হাত দিন সাবধানে

আমাদের দেশেও চলছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণ এবং মৃত্যু। তবু হুঁশ হচ্ছে না সাধারণ মানুষের। মানছে না স্বাস্থ্যবিধি। অধিকাংশের মুখ মাস্ক বিহীন। আবার কারো মাস্ক থাকলেও কানে ঝুলছে না হয় ঝুলছে থুতনিতে। এদের দেখে মনেই হয় না দেশে করোনার মতো ভয়ংকর এবং বিপজ্জনক মহামারি চলছে। করোনা সংক্রমণ রোধে অবশ্যই সঠিক উপায়ে মাস্ক পরে থাকতে হবে এবং কোনোভাবেই নাকে মুখে চোখে হাত দেওয়া যাবে না এবং সামাজিক দূরত্ব অন্তত তিন ফুট বজায় রাখতে হবে। কিন্তু এইসব মানুষের মধ্যে মারাত্মক অসচেতনতা লক্ষ করা যায়। করোনাভাইরাস ছড়ায় করোনায় আক্রান্ত রোগীর থেকে নির্গত শ্বাস-প্রশ্বাস হাঁচি কাশি সরাসরি কাছাকাছি থাকা ব্যক্তির নাকে মুখে প্রবেশ করলে অথবা করোনা রোগীর নির্গত হাঁচি কাশির কণা অন্য ব্যক্তির হাতের আঙুলে লাগলে এবং আক্রান্ত আঙুল দ্বারা ঐ ব্যক্তি নিজের নাকে মুখে চোখে স্পর্শ করলে। আর করোনাভাইরাসের বহুমাত্রিক বৈশিষ্ট্যের কারণে বোঝাও যায় না কে আক্রান্ত আর কে আক্রান্ত না। করোনা প্রতিরোধে অবশ্যই মাস্ক পরতে হবে এবং মাস্ক পরা অবস্থায় অথবা মাস্ক খোলার পরে হাত না ধুয়ে বা স্যানিটাইজ না করে কোনোভাবেই নাকে মুখে চোখে হাত দেওয়া যাবে না। আসুন করোনা প্রতিরোধে সচেতন হই। নাকে মুখে চোখে হাত দেওয়া থেকে বিরত থাকি।

কামরুজ্জামান

সহকারী অধ্যাপক, ভূগোল বিভাগ,

মুক্তিযোদ্ধা কলেজ,

ভাওয়ালগড়, গাজীপুর