আতঙ্কে এলাকাবাসী
ইত্তেফাক রিপোর্ট
ধানমন্ডিতে পাইপ লাইনের ছিদ্র দিয়ে বিপুল পরিমাণ গ্যাস অপচয় হচ্ছে। একই সঙ্গে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে এলাকাবাসী।
ধানমন্ডি ১০/এ রোডের কয়েক জন বাসিন্দা জানান, ঐ রোডের প্রায় ৭০০ ফুট এলাকা জুড়ে বিভিন্ন স্থানে গ্যাসের পাইপ লাইনে ছিদ্র রয়েছে। এগুলো দিয়ে বিপুল পরিমাণ গ্যাস বের হয়ে যায়। এ ছিদ্র মেরামতের জন্য তিন বছর যাবত্ নিয়মিত তিতাস গ্যাস অফিসে এবং অভিযোগ কেন্দ্রে অভিযোগ করেছেন এলাকাবাসী। কিন্তু লিকেজগুলো আর দূর করা হয়নি। অথচ দীর্ঘদিন যাবত্ এলাকার বাসিন্দারা গ্যাস সংকটে ভুগছেন। প্রায় সময়ই গ্যাস সরবরাহ বন্ধ থাকে। কখনো সরবরাহ থাকলেও কম চাপের কারণে বাসাবাড়িতে রান্নায় দেরি হয়।
সর্বশেষ গত বুধবার সন্ধ্যায় ঐ সড়কের নিচে শূন্য অংশে আগুন জ্বলতে থাকে। স্থানীয়রা বলছেন, ঐ স্থানের ম্যানহোল দিয়ে দীর্ঘদিন ধরেই শব্দ করে গ্যাস বেরোচ্ছিল। গতকাল কেউ সেখানে সিগারেটের জ্বলন্ত ফিল্টার বা এমন কিছু ফেলে দেয়। ফলে আগুন ধরে যায় সড়কের নিচে, সুয়ারেজ লাইনে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আগুনের খবর পেয়ে রাত ৮টার দিকে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। কিন্তু রাস্তাটি সরু হওয়ায় গাড়ি ভেতরে প্রবেশ করতে পারেনি। পরে পাইপে পানি এনে আধাঘণ্টা পর সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। তিতাসের কর্মীরা কয়েকটি ছিদ্র মেরামত করলেও আরো কয়েকটি ছিদ্র রয়ে গেছে।
এ প্রসঙ্গে সংশ্লিষ্ট এলাকার উপব্যবস্থাপক মুকতার আহমেদ বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়েই একটি দল গিয়ে ছিদ্র মেরামত করেছে। আরো ছিদ্র আছে কি না তা দেখে শুক্রবারের মধ্যেই মেরামত করা হবে।