বাঁশখালী বিদ্যুেকন্দ্রে সংঘর্ষের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্রের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে হতাহতের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে নিহত ও আহত শ্রমিকদের পরিবারপ্রতি পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। এতে স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, শিল্পসচিব, বাণিজ্যসচিব, পুলিশ মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে অ্যাডভোকেট সৈয়দা নাসরিন গতকাল বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দাখিল করেন।

চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় এস আলম গ্রুপের নির্মাণাধীন কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্রের শ্রমিকদের বিক্ষোভে গত ১৭ এপ্রিল পুলিশ গুলি চালালে পাঁচ শ্রমিক নিহত এবং অনেক শ্রমিক আহত হন। এ ঘটনায় পাওয়ার প্লান্টের পক্ষে একটি ও পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করেছে। পরে এ হতাহতের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করা হলো।

রিটে হতাহতের প্রত্যেক পরিবারকে আপাতত ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদান এবং নিহত ও আহত শ্রমিকদের একটি তালিকা হাইকোর্টে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া হতাহতের ঐ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং নিহতদের পরিবারকে ৩ কোটি টাকা ও আহতদের পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণের বিষয়ে রুল চাওয়া হয়েছে।

রিটকারী সৈয়দা নাসরিন বলেন, নিহত ও আহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে এর আগে একটি লিগ্যাল নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব না পাওয়ায় হাইকোর্টে রিট করা হয়েছে।