টার্গেট চীনা রাষ্ট্রদূত

পাকিস্তানে হোটেলে বোমা হামলা নিহত ৪

পাকিস্তানের কোয়েটা শহরে একটি বিলাসবহুল হোটেলে বোমা বিস্ফোরণে চার জন নিহত এবং ১২ জন আহত হয়েছে। ধারণা করা হচ্ছে, পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে লক্ষ্য করে সেরিনা হোটেলের গাড়ি পার্কিং এলাকায় এই বোমা হামলা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শান্তি নষ্ট করতে এই হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করেছেন। খবর বিবিসির

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আফগানিস্তানের সীমান্তবর্তী কোয়েটা শহরে অবস্থান করছেন চীনের রাষ্ট্রদূত। তবে হামলার সময় রাষ্ট্রদূত সেই হোটেলে ছিলেন না। পাকিস্তানি তালেবান বলেছে, এই হামলা তারাই চালিয়েছে। তবে এর বিস্তারিত কিছু বলেনি তারা। সম্প্রতি পাকিস্তানি তালেবান ও অন্যান্য জঙ্গি সংগঠন আফগানিস্তান সীমান্তে উপজাতীয় এলাকায় তাদের হামলা বৃদ্ধি করেছে। এই বোমা হামলার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, হোটেলের গাড়ি পার্কিং এলাকায় আগুন জ্বলছে।

কোয়েটা শহরে সেরিনা হোটেল বেশ সুপরিচিত। সরকারি কর্মকর্তা এবং সেই এলাকা সফররত পদস্থ ব্যক্তিরা সেরিনা হোটেলে অবস্থান করেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি সেই হোটেলে বিস্ফোরণ ঘটায়। এ ঘটনাকে সন্ত্রাসী কাজ হিসেবে বর্ণনা করেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের কাছে তালেবানের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে, এটি ছিল একটি আত্মঘাতী বোমা হামলা এবং একটি গাড়িভর্তি বিস্ফোরক নিয়ে সেই হোটেলে হামলা চালানো হয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোয়েটা সফররত চীনের রাষ্ট্রদূত আরেকটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেজন্য হামলার সময় তিনি সেই হোটেলে ছিলেন না। এই হামলার পরেও চীনের রাষ্ট্রদূতের মনোবল অটুট রয়েছে এবং বৃহস্পতিবার পর্যন্ত সেখানে তার সফর অব্যাহত থাকবে বলে জানান বেলুচিস্তান প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

বেলুচিস্তান হচ্ছে পাকিস্তানের একটি দরিদ্র এলাকা এবং এখানে বেশ কিছু সশস্ত্র গোষ্ঠী, বিচ্ছিন্নতাবাদী ও ইসলামি চরমপন্থিরা সক্রিয় রয়েছে। বিচ্ছিন্নতাবাদীরা বেলুচিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করতে চায় এবং সেই অঞ্চলে চীনের তৈরি অবকাঠামোর বিরোধিতা করছে। বিচ্ছিন্নতাবাদীরা মনে করে, পাকিস্তানের সরকার ও চীন একত্রিত হয়ে বেলুচিস্তানের গ্যাস ও খনিজ সম্পদ স্থানীয় জনগণের কাজে না লাগিয়ে সেগুলোর অপব্যবহার করছে।