চলতি বোরো মৌসুমে ১৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার

চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে মোট ১৮ লাখ টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে ১০ লাখ টন সিদ্ধ চাল, দেড় লাখ টন আতপ চাল ও সাড়ে ৬ লাখ টন ধান কেনা হবে। ধান কেনা হবে সরাসরি কৃষকের কাছ থেকে আর চাল কেনা হবে মিলারদের কাছ থেকে। আগামী ২৮ এপ্রিল থেকে ধান এবং ৭ মে থেকে চাল সংগ্রহ অভিযান শুরু হবে। সংগ্রহ কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

গতকাল বৃহস্পতিবার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে সভায় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার ও খাদ্যসচিব মোছাম্মত্ নাজমানারা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় প্রতি কেজি সিদ্ধ চাল ৪০ টাকা, আতপ চাল ৩৯ টাকা ও ২৭ টাকা দরে ধান কেনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে প্রধানমন্ত্রীর অনুমোদনের পরই এই দর চূড়ান্ত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উল্লেখ্য, গত বোরো মৌসুমে ৩৬ টাকা কেজি দরে সিদ্ধ চাল, ৩৫ টাকা কেজি দরে আতপ চাল ও ২৬ টাকা কেজি দরে ধান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু বাজারে ধান-চালের দাম বেশি থাকায় লক্ষ্যমাত্রা অনুযায়ী খাদ্যশস্য সংগ্রহ করা সম্ভব হয়নি। যে কারণে এবার ধান-চালের সংগ্রহ মূল্য বাড়ানো হয়েছে বলে খাদ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।  সভায় জানানো হয়, বর্তমানে দেশে খাদ্যশস্যের মোট মজুত ৪ লাখ ৬৮ হাজার টন। এর মধ্যে চাল ৩ লাখ ১০ হাজার টন এবং গম ১ লাখ ৫৮ হাজার টন। গত বছর এই সময়ে মজুত ছিল ১৩ লাখ ৭৬ হাজার টন।