ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসুর) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে এবার ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় এ মামলা করেন স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল গনি।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, নুরুল হক নুর ১৪ এপ্রিল প্রথম রমজানে ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগ সম্পের্কে বিরূপ মন্তব্যের কারণে সোহেল গনি এ মামলা করেন। কুমিল্লাও নুরের বিরুদ্ধে ডিজিটাল আইনে অভিযোগ দায়ের হয়েছে।
ময়মনসিংহ প্রতিনিধি এবং ত্রিশাল ও দেবীদ্বার (কুমিল্লা) সংবাদদাতা জানান, বৃহস্পতিবার স্বেচ্ছাসেবক লীগের কুমিল্লা উত্তর জেলা সদস্য মো. লিটন সরকার বাদী হয়ে দেবীদ্বার থানায় অভিযোগটি করেন। ওসি মো. আরিফুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগকারী লিটন সরকার বলেন, ‘ধর্মীয় মূল্যবোধে আঘাত করে ফেসবুকে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের বেশ কয়েকটি ধারায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন—তার আইনজীবী অ্যাডভোকেট মো. হারুনুর রশিদ (সবুজ), কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. সাদ্দাম হোসেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ নেতা যাদব রায় প্রমুখ।