মহারাষ্ট্রে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কড়াকড়ি আরোপ করেছে প্রশাসন। রাস্তায় বের হওয়ার ক্ষেত্রে জারি হয়েছে নানা বিধি-নিষেধ। এ কারণে বান্ধবীর সঙ্গেই দেখা করতে যেতে পারছেন না এক যুবক। কীভাবে এই সমস্যার সমাধান হবে, তা জানতে চেয়ে মুম্বই পুলিশকে টুইট করেছেন তিনি। তার জবাব দিয়েছে মুম্বাই পুলিশ। আর সেই জবাব ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।
অশ্বিন বিনোদ নামের এক যুবক টুইটারে মুম্বাই পুলিশের কাছে জানতে চান, আমি আমার বান্ধবীর সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য কী স্টিকার (বিধি-নিষেধের মধ্যে বাইরে বেরোনোর প্রয়োজনীয় নথি) ব্যবহার করব?
এই প্রশ্নের জবাবে মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আমরা বুঝতে পারছি এটা আপনার জন্য খুব দরকারি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটি আমাদের জরুরি পরিষেবার মধ্যে পড়ে না। দূরত্বের ফলে হূদয়ের টান বাড়ে। আর দূরত্ব এই মুহূর্তে আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে। এখানেই শেষ নয়, মুম্বাই পুলিশ আরো জানায়, আমরা আপনাদের সারা জীবন একসঙ্গে থাকার প্রার্থনা করছি। এটা একটা সাময়িক পর্যায়।
এই টুইটে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ বলছেন, একসঙ্গে থাকলে আবার সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তার থেকে দূরে থাকা ভালো। কেউ আবার কিছুটা বিরক্তও হয়েছেন। তাদের বক্তব্য, এসব প্রশ্নের জবাব না দিয়ে মুম্বাই পুলিশের উচিত বর্তমান পরিস্থিতি ভালোভাবে মোকাবিলা করা। খবর আনন্দবাজার পত্রিকার।