ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারের কুম্ভমেলায় গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নেপালের সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহ ও তার স্ত্রী রানি কমল শাহ। নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭৩ বছর বয়সি জ্ঞানেন্দ্র ও ৭০ বছরের কমল হরিদ্বার থেকে ফিরেছেন। সেখানে তারা কুম্ভমেলায় অংশ নিয়েছিলেন। ফেরার পরে পিসিআর টেস্টে তাদের করোনা ভাইরাস পজিটিভ আসে। ভারত থেকে ফেরার পর কয়েক শ মানুষ তাদের স্বাগত জানাতে বিমানবন্দরে যায়। সেখানে রাজকীয় অতিথিদের যারা স্বাগত জানাতে গিয়েছিলেন তাদেরও করোনা পরীক্ষার কাজ করছে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, ২০০১ সালে নেপালের রাজপ্রাসাদে হত্যাকাণ্ডের শিকার হন তত্কালীন রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহ ও তার পরিবারের সদস্যরা। ঐ সময়ে রাজা হন বীরেন্দ্রর ছোট ভাই জ্ঞানেন্দ্র শাহ। ২০০৮ সালে বিক্ষোভের মুখে জ্ঞানেন্দ্র ক্ষমতা ছাড়েন। পতন হয় কয়েক শতাব্দী ধরে চলতে থাকা রাজতান্ত্রিক শাসনব্যবস্থার। পরে দেশটিতে গণতান্ত্রিক শাসনব্যবস্থা চালু হয়। যা এখন চলছে। তবে রাজা-রানিকে এখনো নেপালের গ্রামের সাধারণ মানুষ আগের মতোই সম্মান করেন।