সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর গুমের নেপথ্যে ‘দলের নেতারা জড়িত রয়েছেন’—প্রকাশ্য সভায় এমন বক্তব্য দেওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের কাছে ব্যাখ্যা চেয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা কারণ দর্শাও নোটিশ দেওয়া হয় মির্জা আব্বাসকে।
গত শনিবার দলের ভার্চুয়াল এক অনুষ্ঠানে ইলািয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলীকে গুম করেনি। তাহলে গুমটা কে করল? এই সরকারের কাছে এটা আমি জানতে চাই।’ ইলিয়াস আলী গুম হওয়ার আগে রাতে দলের কর্যালয়ে এক ব্যক্তির সঙ্গে মারাত্মক বাগিবতণ্ডা করেন বলে বক্তব্যে বলেন মির্জা আব্বাস। মির্জা আব্বাস বিএনপির মহাসচিবের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, ইলিয়াস আলীর গুমের পেছনে দলের অভ্যন্তরে লুকায়িত ?‘বদমাশগুলো’কে চিহ্নিত করে ব্যবস্থা নিন।
জানা গেছে, মির্জা আব্বাসকে দেওয়া শোকজ চিঠিতে তার বক্তব্য উল্লেখ করে বলা হয়, ইলিয়াস আলী গুম হয়েছেন ৯ বছর হয়েছে। এ ব্যাপারে দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। চিঠিতে মির্জা আব্বাসকে বলা হয়, ‘আপনার বক্তব্য এই জনমতকে প্রশ্নবিদ্ধ করছে, যার পরিপ্রেক্ষিতে দলের নেতাকর্মীরা আপনার বক্তব্যের ব্যাপারে আপনার কাছে ব্যাখ্যা প্রত্যাশা করছেন যে আপনি কী বলতে চেয়েছিলেন।’
এদিকে মির্জা আব্বাস শোকজ নোটিশ পাননি দাবি করে বলেন, ‘আমি কোনো চিঠি আশাও করি না। যদি সেটা হয়ে যায়, তা আমার জন্য দুর্ভাগ্যজনক হবে।’