করোনায় জীবন দিলেন বাংলাদেশ পুলিশের আরো এক সম্মুখযোদ্ধা কনস্টেবল মো. মোশারফ হোসেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার ভোরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তিনি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার আশ্নিপুর গ্রামে জন্ম গ্রহণ করেন।
বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, বর্তমান করোনাকালে জনগণকে সুরক্ষাসেবা দিতে গিয়ে ৯৩ জন পুলিশ সদস্য জীবন উত্সর্গ করেছেন। করোনায় জীবন উত্সর্গকারী কনস্টেবল মো. মোশারফ হোসেনের মৃত্যুতে পুলিশ প্রধান আইজিপি ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এছাড়া তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।