পঞ্চম শ্রেণির পড়াশোনা

বিজ্ঞান

মিরাজুল ইসলাম, প্রভাষক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

সুপ্রিয় বন্ধুরা, প্রথমে পাঠ্যবইটি পড়ে নেবে। তারপর প্রশ্ন ও উত্তরগুলো পড়বে। দেখবে সবগুলো তোমার জানার মধ্যে রয়েছে।

 

প্রশ্ন-১:মাটি দূষণ কাকে বলে? মাটি দূষণের পাঁচটি কারণ লিখ।

উত্তর:মাটি দূষণ:মাটি গঠনের মূল উপাদান খনিজ পদার্থ, জৈব পদার্থ, পানি ও বায়ু ছাড়া মাটিতে ক্ষতিকর কিছুর আবির্ভাব ঘটাকে মাটি দূষণ বলে।

মাটি দূষণের কারণ:মাটি দূষণের পাঁচটি কারণ নিম্নরূপ:

১) কৃষিকাজে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারে মাটি দূষিত হয়।

২) প্লাস্টিক, পলিথিন প্রভৃতি অপচনশীল দ্রব্য মাটিতে ফেললে মাটি দূষিত হয়।

৩) গৃহস্থালি ও হাসপাতালের বর্জ্য ও কলকারখানার রাসায়নিক পদার্থের মাধ্যমে মাটি দূষিত হয়।

৪) অতিরিক্ত পানি সেচ, নির্বিচারে বন ও গাছপালা ধ্বংসের ফলে মাটি দূষিত হয়।

৫) বন্যা, বৃষ্টিপাত ও বায়ুপ্রবাহ ইত্যাদি প্রাকৃতিক কারণে মাটি দূষিত হয়।

প্রশ্ন-২:তোমার এলাকার পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চারটি উপায় লেখ।

অথবা, আমাদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চারটি উপায় লেখ।

উত্তর:আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চারটি উপায় নিম্নরূপ:

i. পরিবেশ সম্পর্কে আমাদের সকলকেই সচেতন হতে হবে।

ii. বসতবাড়ি ও বিদ্যালয়ের আঙ্গিনা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

iii. কৃষিখেত, খামারের গাছপালা এবং পশুপাখির নিয়মিত পরিচর্যা করতে হবে।

iv. ময়লা-আবর্জনা, মলমূত্র যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।

প্রশ্ন-৩: তোমার এলাকার পরিবেশ দূষণ রোধের পাঁচটি উপায় লিখ।

উত্তর:আমাদের পরিবেশ বিভিন্নভাবে দূষিত হয়। পরিবেশ দূষণ রোধের পাঁচটি উপায় নিম্নরূপ:

i. জমিতে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করতে হবে।

ii. পলিথিনের ব্যবহার কমিয়ে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে।

iii পুকুরের পানিতে বাসনকোসন ধোয়া, গোসল করা, ময়লা কাপড় কাচা, প্রাণীর মৃতদেহ ফেলা ইত্যাদি কাজকর্ম বন্ধ করতে হবে।

iv. জীবাশ্ম জ্বালানির ব্যবহার যথাসম্ভব কমিয়ে আনতে হবে।

v. ময়লা আবর্জনা, মল-মূত্র এবং কলকারখানার বর্জ্য যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।