অনুশীলন ডেস্ক:প্রকৃতিকে আমরা মা বলে সম্বোধন করি সবসময়। ইংরেজিতে বলি ‘The Mother Nature.’ কেবল মানুষ নয়, এ ধরাধামের প্রতিটি জীবই প্রকৃতির সন্তান। মায়ের প্রতি ঋণ যেমন কোনো সন্তানের পক্ষে শোধ করা সম্ভব নয়, প্রকৃতির প্রতি ঋণও তেমনই আমাদের পক্ষে শোধ করা অসম্ভব। কোনো সন্তান যেমন মাকে অবহেলায় ফেলে রাখে না, তেমনই প্রকৃতির প্রতিও আমাদের কর্তব্য আছে দায় আছে অফুরন্ত। সেটি স্মরণে রেখে গত ২২ এপ্রিল, বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে নটর ডেম ন্যাচার স্টাডি ক্লাব বাংলাদেশের আরো ৮ টি বিখ্যাত পরিবেশ বিষয়ক ক্লাবের সঙ্গে মিলে দেশের সর্ববৃহত্ ‘বাংলাদেশ আর্থ সামিট:২০২১’ আয়োজন করলো।
অনুষ্ঠানটি আয়োজক হিসেবে ছিলো নটর ডেম ন্যাচার স্টাডি ক্লাব, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ইকো ক্লাব,
বিএএফ শাহীন কলেজ ঢাকা গ্রিন থাম্বস, রাজউক কলেজ আর্থ অ্যান্ড ন্যাচার ক্লাব, রিমেইনস ন্যাচার অ্যান্ড আর্থ ক্লাব , জোসেফ হাইট ইকো অ্যান্ড আর্থ ক্লাব, গ্রিন ওয়ার্ল্ভ্র ক্লাব, ঢাকা কমার্স কলেজ ন্যাচার স্টাডি ক্লাব, ওয়াই ডব্লিওসিএ, ইকো ওয়ারিয়রস।
উত্সবে মোট ১১ টি ইভেন্টে প্রায় ১০০ শিক্ষা প্রতিষ্ঠানের ৭০০ এর ও অধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। এই ১১টি ইভেন্টের মধ্যে ছিলো অলিম্পিয়াডভিত্তিক গ্রিন-বী, ফটোগ্রাফি-ভিত্তিক লেন্স মেনিয়া অঙ্কনভিত্তিক আর্টস অ্যান্ড ক্রাফটস প্রকৃতির কাছে চিঠি লেখাসহ আরও অনেক আকর্ষণীয় ইভেন্ট। ভার্চুয়ালি দুইদিনব্যাপী এ উত্সব অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডক্টর ফাদার হেমন্ত পিউস রোজারিও সিএসসি। অনুষ্ঠানের প্রারম্ভিকে ড. লিও পেরেরা তাঁর বক্তব্যে বলেন, ‘অহিংস আন্দোলনের পথিকৃত্ মহাত্মা গান্ধী বলেছেন, ‘Earth provides enough for every man’s need but not every man’s greed. আমাদের প্রয়োজনে প্রকৃতি অবারিত, কিন্তু আমরা যেনো প্রয়োজন আর লোভের মধ্যে পার্থক্যের রেখাটা অতিক্রম করে না ফেলি। তাহলেই পৃথিবীতে করোনা ভাইরাস বা সুনামির মতো বড়ো বড়ো বিপর্যয়ের হাত থেকে আমরা বাঁচতে পারবো। পাশাপাশি অনুষ্ঠানের সভাপতি ডক্টর ফাদার হেমন্ত পিউস রোজারিও সিএসসি বলেন- প্রত্যেকটি ক্যাম্পাস ‘গ্রিন ক্যাম্পাস’ করে গড়ে তোলার জন্য সবাইকে আহ্বান করছি। পাশাপাশি অন্যান্য ব্যক্তিবর্গ সেই আহ্বান বাস্তবায়নে সহযোগিতা করবেন সে প্রত্যাশা রাখি।