দখল ও দূষণে অস্তিত্বসংকটে গলাচিপা-উলানিয়া খাল

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা

গলাচিপায় অবৈধ দখল ও দূষণে প্রাণ হারাচ্ছে গলাচিপা-উলানিয়া খাল। শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া গলচিপা-উলানিয়া খাল দিয়ে এক সময় উলানিয়া বন্দরে লঞ্চসহ বড় বড় নৌকা যাতায়াত করত। এখন সেই স্রোতঃস্বিনী খাল বদ্ধ জলাশয়ে পরিণত হয়েছে। জলাধার সংরক্ষণ আইন লঙ্ঘন করে এ খালে বাঁধ দেওয়া হয়। দুই পাড়ের বাসিন্দারা যে যেভাবে পারছেন খাল ভরাট করে বসতবাড়িসহ অন্যান্য স্থাপনা নির্মাণ করছেন।

পৌরবাসী জানায়, গলচিপা-উলানিয়া খালের দুই পাড়ে গলাচিপা শহরের গোড়াপত্তন হয়। খালটির দক্ষিণ পাড়ে বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং উত্তর পাড়ে আবাসিক ঘরবাড়ি গড়ে ওঠে। গলাচিপা নদী হয়ে এই খাল দিয়ে উলানিয়া বন্দরে লঞ্চসহ বড় বড় নৌকা যাতায়াত করত। এছাড়া দশমিনা উপজেলার সঙ্গেও যাতায়াতের মাধ্যম ছিল এই খাল। আশির দশকে বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ নির্মাণ করা হয়। এ সময় গলাচিপা নদীর সঙ্গে সংযোগস্থল বাঁধ দিয়ে বন্ধ করে পানিপ্রবাহ বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে বড় নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। গত ১৫ বছর পূর্বে পৌর কর্তৃপক্ষ পূর্ব বাজার জৈনপুরি খানকাসংলগ্ন খালে একটি বাঁধ দিয়ে পানিপ্রবাহ বন্ধ  করে দেয়। অবাধে পানিপ্রবাহ হতে না পেরে এটি আগাছায় পরিপূর্ণ একটি বদ্ধ জলাশয়ে পরিণত হয়। পৌর কর্তৃপক্ষ এ খালটিতে বর্জ্য ফেলে ভরাট করে। গত বছর পৌর কর্তৃপক্ষ খালটির কিছু অংশ খনন করে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। কিন্তু এর কয়েক মাসের মধ্যেই খালটি কচুরিপানায় পরিপূর্ণ হয়ে যায় এবং দুই পাড়ের বাসিন্দারা খাল দখল করে স্থাপনা তৈরি করতে শুরু করে।

গলাচিপা পৌরসভার মেয়র আহসানুল হক তুহিন বলেন, ‘অনতিবিলম্বে গলাচিপা-উলানিয়া খালটি সংস্কার ও পরিচ্ছন্ন করার ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী যাতে আর দখল করতে না পারে সেজন্য খালের দুই পাড়ে রাস্তা নির্মাণ করা হবে।’