সুজানগর (পাবনা) সংবাদদাতা
সুজানগরে চলতি বিধিনিষেধে ঘোড়ার গাড়ির কদর বাড়ছে। যাত্রী থেকে শুরু করে বিভিন্ন কৃষিপণ্য এবং মালামাল ঘোড়ার গাড়িতে বহন করা হচ্ছে। অন্যান্য যানবাহনের চেয়ে ঘোড়ার গাড়ির ভাড়াও অনেক কম। সে কারণে বিধিনিষেধের মধ্যে বেশির ভাগ মানুষ যাতায়াত এবং মালামাল বহনে ঘোড়ার গাড়ি বেছে নিয়েছে। সুজানগর পৌর বাজারের মুদি ব্যবসায়ী সেলিম রেজা জানান, চলতি দুই সপ্তাহের বিধিনিষেধের মধ্যে ভারি যানবাহনের পাশাপাশি সাধারণ যানবাহনও চলাচল বন্ধ রয়েছে। সে কারণে ঘোড়ার গাড়িতে করে দোকানের মালামাল বহন করতে হচ্ছে। তাছাড়া অন্যান্য যানবাহনের চেয়ে ঘোড়ার গাড়িতে মালামাল আনতে খরচও মণ প্রতি ১০০ টাকা কম। তবে ঘোড়ার গাড়িতে মালামাল আনতে খরচ কম হলেও সময় বেশি লাগে।
উপজেলার বোনকোলা গ্রামের আবুল কালাম আজাদ মাস্টার বলেন, বিধিনিষেধের কারণে পুলিশ রাজপথে বাস এবং অন্যান্য যানবাহন চলতে দিচ্ছে না। কিন্তু বিশেষ প্রয়োজনে যাদের উপজেলা বা জেলা শহরে যেতে হচ্ছে তারা ঘোড়ার গাড়িতে যাতায়াত করছে। শ্যামসুন্দরপুর গ্রামের ঘোড়ার গাড়িচালক আবদুল মালেক বলেন, বিধিনিষেধ এবং অবরোধের সময় ঘোড়ার গাড়ির বেশ ভাড়া হয়। কৃষিপণ্য এবং দোকানের মালামালের পাশাপাশি লোকজনও এ সময় ঘোড়ার গাড়িতে যাতায়াত করে। তাছাড়া ঘোড়ার গাড়ি আগের মতো কাঠের চাকায় চলে না। ইঞ্জিনচালিত গাড়ির মতো টায়ার লাগিয়ে চালানো হয়। সে কারণে ঘোড়ার গাড়িতে বেশ দ্রুত যাতায়াত এবং মালামাল পরিবহন করা যায়।