বেতাগী (বরগুনা) সংবাদদাতা
করোনার প্রাদুর্ভাবের মধ্যেই বেতাগী উপজেলায় হঠাত্ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অবস্থায় গত শনিবার একজনের মৃত্যু হয়েছে। তার নাম নুরুল ইসলাম (৭০)। বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে হঠাত্ ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। এ সময় মোট ৫২ জন ডায়রিয়া রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। চিকিত্সা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। বর্তমানে ভর্তি আছেন ৩৬ জন। প্রতিদিনই গড়ে ১৫-২০ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। হাসপাতালে খাবার স্যালাইন ও কলেরা স্যালাইনের সংকট না থাকলেও পরিস্থিতির অবনতি হলে সংকট দেখা দিতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিত্সকরা।
এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা নিতে আসা রোগীর স্বজনরা জানান, সরকারি হাসপাতালে মানুষ আসে বিনা পয়সায় চিকিত্সা নিতে। এখানে অন্য কোনো ওষুধ পাওয়া না গেলেও খাওয়ার স্যালাইন পাওয়া যেত। এখন সেটিও পর্যাপ্ত পরিমাণে না পাওয়ায় ভর্তি রোগীরা দুর্ভোগে পড়েছেন। বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. রবীন্দ্রনাথ সরকার বলেন, ঋতু পরিবর্তন, অবাধে খালের পানি ব্যবহার এবং গরমে নষ্ট খাবার খাওয়ার কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। তবে হাসপাতালে এখন পর্যাপ্ত অ্যান্টিবায়োটিক ও কলেরা স্যালাইন রয়েছে।