জমি নিয়ে বিরোধে যুবক খুন

বাগমারা (রাজশাহী) সংবাদদাতা

উপজেলার গনিপুর ইউনিয়নের মাধাইমুড়ি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় হাবিল উদ্দিন কাজী (৩৮) নামের এক যুবক খুন হয়েছে। আহত হয়েছে একই পরিবারের অন্তত আরো ১০ জন। বৃহস্পতিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। ঘটনার পর রাতেই নিহতের ভাই বাদী হয়ে হত্যামামলা দায়ের করেছেন। গ্রামবাসী সূত্রে জানা গেছে, নিহতের বাবা আজিমুদ্দিন কাজী একই গ্রামের মৃত আসতুল্লার কাছে কিছু জমি কিনে ভোগদখল করছিলেন। পরবর্তী সময়ে তার বোনের কাছ থেকে আরো কিছু জমি কিনেন আজিমুদ্দিন কাজী। এই জমি নিয়ে উভয় পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার ইফতার সেরে হাবিল কাজী বাড়ি থেকে একা বের হলে প্রতিপক্ষরা তার ওপর লোহার রড, হাঁসুয়া ও কোদাল দিয়ে হামলা চালায়। পরে আহত হাবিল কাজীকে প্রতিবেশিরা উদ্ধার করে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক নূর ইসলাম জানান, প্রযুক্তির সহায়তায় দ্রুত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।