শরণখোলায় গাছের নিচে চাপা পড়ে জেলের মৃত্যু

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

শরণখোলায় শুক্রবার সকালে গাছ চাপা পড়ে রাকিব তালুকদার নামের এক জেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামে। নিহত ব্যক্তি ঐ গ্রামের আশ্রাব আলী তালুকদারের ছেলে।

ধানসাগর ইউনিয়ন পরিষদের রাজাপুর ওয়ার্ড মেম্বার তালুকদার হুমায়ুন করিম সুমন জানান, প্রতিবেশী বাদশা হাওলাদার তার কর্তন করা একটি শিরিশ (রেইনট্রি) গাছ করাতকলে নিয়ে যাওয়ার জন্য রাকিবের সহযোগিতা চায়। রাকিব তার সহযোগীদের সঙ্গে গাছটি ঘাড়ে তুলে রাস্তায় নেওয়ার সময় পা পিছলে গাছের নিচে চাপা পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাকিব পেশায় একজন জেলে ছিল।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, অসাবধানতাবশত ঘটনাটি ঘটেছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।