মদনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী দগ্ধ

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

মদনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাস্তা গ্রামে এ ঘটনা ঘটে। মদন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে শিরিন আক্তার (৪১) নামের এক নারী অগ্নিদগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বাস্তা গ্রামের কৃষক ছলিম উদ্দীনের স্ত্রী ইফতার তৈরি করার সময় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ছলিম উদ্দিনসহ তিন কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ফকর উদ্দিন আহমেদ বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রাথমিকভাবে কিছু অনুদান দেওয়া হয়েছে। সরকারি বিধিমোতাবেক তাদের অনুদানের ব্যবস্থা নেওয়া হবে। মদন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল কবীর বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।