নারায়ণগঞ্জে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জসহ পুরো দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ায় কঠোর বিধিনিষেধের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তবে রমজানের শুরুতে প্রশাসন কঠোর অবস্থানে থাকলেও গত কয়েক দিন ধরে তা অনেকটা শিথিল হয়েছে। প্রথম দিনে পুলিশ সুপারসহ জেলা পুলিশের কর্মকর্তারা মনিটরিং করলেও এখন তা অনেকটা শিথিল। বিধিনিষেধ চলাকালেও  শহরে যানজট সৃষ্টি হচ্ছে। গতকাল বঙ্গবন্ধু সড়কে তীব্র যানজট দেখা গেছে। এ ছাড়াও দিগুবাবুর বাজারে স্বাস্থ্যবিধি না মেনেই বাজার করছেন সাধারণ মানুষ।

এ ব্যাপারে বাজার পরিচালনা কর্তৃপক্ষও নীরব ভূমিকায়। করোনা ভাইরাসের দাপট বাড়লেও বেশির ভাগ মানুষই মানছে না স্বাস্থ্যবিধি, পরছে না মাস্ক। সেই দিকে খেয়াল রেখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এবং জেলা পুলিশ যৌথ উদ্যোগে করোনা প্রতিরোধে নারায়ণগঞ্জবাসীর সচেতনতা বাড়াতে বিশেষ ক্যাম্পেইনের ব্যবস্থা করেছে।