কেমিক্যাল গুদাম সরানোর আহ্বান সম্মিলিত সামাজিক আন্দোলনের

ইত্তেফাক রিপোর্ট

সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক বিবৃতিতে পুরান ঢাকার আরমানীটোলায় আবাসিক ভবনের কেমিক্যাল গুদামে আগুনে চার জনের মৃত্যু ও ৩০ জনের আহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিবৃতিতে বলা হয়, ইতিপূর্বে নিমতলী ও চকবাজার ট্র্যাজেডি সবার জানা। ঐ ঘটনার পর পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে কেমিক্যাল গুদাম সরানোর নানা পদক্ষেপের কথা শোনা গেলেও আরমানীটোলার ঘটনার মধ্যদিয়ে আবারও প্রমাণিত হলো সব সিদ্ধান্ত মূলত কাগজ-কলমে সীমাবদ্ধ। একই সঙ্গে তারা অনতিবিলম্বে আবাসিক এলাকা থেকে সব ধরনের দাহ্য পদার্থের গুদাম সরানোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ ছাড়া আরমানীটোলার ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার সুচিকিত্সা ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানানো হয়।