তবুও বাংলাদেশের দিন

স্পোর্টস রিপোর্টার

ক্যান্ডিতে রান চূড়ায় আরোহণের সম্ভাবনা নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ দল। স্কোরবোর্ডে বিশাল রান, সুসংহত অবস্থান পেয়েও কাঙ্ক্ষিত গতিতে রান তুলতে পারেননি মুশফিকুর রহিমরা। অগত্যা গতকাল লাঞ্চের আগে ৭ উইকেটে ৫৪১ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। পরে রান প্রসবা উইকেটের সুবিধা কাজে লাগিয়ে শ্রীলঙ্কাও ভালো ব্যাটিং করেছে। দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নের জোড়া হাফ সেঞ্চুরিতে দিন শেষে ৩ উইকেটে ২২৯ রান তুলেছে স্বাগতিকরা। এখনো ৩১২ রানে এগিয়ে বাংলাদেশ।

তারপরও ম্যাচের তৃতীয় দিনটি বাংলাদেশের দখলেই বলতে হবে। বড় সংগ্রহের পাশাপাশি শেষ বিকেলে প্রতিপক্ষের ৩ ব্যাটসম্যানকে ফেরত পাঠানোর স্বস্তি নিয়ে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। করুনারত্নে ৮৫ ও ধনাঞ্জয়া ডি সিলভা ২৬ রানে অপরাজিত রয়েছেন।

বাংলাদেশের রান পাহাড়ে চাপা পড়লেও ব্যাটিংবান্ধব উইকেটে জবাবটা ভালোই দিয়েছে লঙ্কানরা। করুনারত্নে ও থিরিমান্নের ওপেনিং জুটিতেই আসে ১১৪ রান। বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন মিরাজ। চা বিরতির পর থিরিমান্নে এলবির ফাঁদে পড়েন ৫৮ রান করে। ওশাদা ফার্নান্দোকে (২০) ফিরিয়ে চার বছর টেস্টে উইকেটের দেখা পেয়েছেন তাসকিন। দ্রুত রান তোলার চেষ্টা করা অ্যাঞ্জেলো ম্যাথুসকে বোল্ড করেন তাইজুল। তিনি ২৫ রান করেন। পরে আর বিপদ হতে দেননি করুনারত্নে ও ধনাঞ্জয়া। ৩৯ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন তারা।

এর আগে গতকাল সকালে ১৮ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ৬৭ রান যোগ করেছে বাংলাদেশ। লাঞ্চের আধঘণ্টা আগে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। মুশফিকুর রহিম ২৯তম ও লিটন দাস ৮ম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। তাদের জুটি ৮৭ রান যোগ করে। লিটন ৫০ রান করে বিশ্ব ফার্নান্দোর শিকার হন। পরে মিরাজ (৩) তাইজুলও (২) দ্রুত ফিরেছেন। তখন সময়ের দাবি ছিল দ্রুত রান তোলা, যদিও সবাইকে করে দিয়ে ধীর লয়ে ব্যাটিং করে গেছেন মুশফিক। গতকাল ৪৯ বল খেলে মাত্র ২৫ রান তুলেছেন তিনি। শেষ পর্যন্ত ১৫৬ বলে ৬৮ রান করে অপরাজিত ছিলেন তিনি। তাসকিন অপরাজিত ৬ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে বিশ্ব ফার্নান্দো ৪টি, লাকমল, ধনাঞ্জয়া ও লাহিরু কুমারা ১টি করে উইকেট নেন।

আজ ম্যাচের চতুর্থ দিনের সকালে তাইজুল-মিরাজরা লঙ্কান ব্যাটসম্যানদের যত দ্রুত চেপে ধরতে পারবে, ততই ম্যাচে বাংলাদেশের জয়ের সম্ভাবনা উজ্জল হবে।   

স্কোর কার্ড

(তৃতীয় দিন শেষে)

টস :বাংলাদেশ

(আগের দিন ৪৭৪/৪, ১৫৫ ওভার, মুশফিক ৪৩*, লিটন ২৫*)         

বাংলাদেশ প্রথম ইনিংস             রান   বল   চার  ছয়

মুশফিকুর রহিম অপরাজিত                   ৬৮     ১৫৬     ৬       ০

লিটন ক ওশাদা ফার্নান্দো ব বিশ্ব ফার্নান্দো        ৫০     ৬৭      ৫          ১

মেহেদী হাসান মিরাজ ক ডিকবেলা ব লাকমল      ৩      ১৫      ০          ০

তাইজুল ইসলাম ক ডিকবেলা ব বিশ্ব ফার্নান্দো     ২        ৮       ০          ০

তাসকিন আহমেদ অপরাজিত                 ৬         ৯        ১       ০

অতিরিক্ত (বা ৯, লে বা ৬, নো ৬, ও১১) ৩২

মোট (১৭৩ ওভার, ৭ উইকেট)     ৫৪১ (ডিক্লেয়ার)

উইকেট পতন: ১/৮ (সাইফ), ২/১৫২ (তামিম), ৩/৩৯৪ (শান্ত), ৪/৪২৪ (মুমিনুল), ৫/৫১১ (লিটন), ৬/৫১৫ (মিরাজ), ৭/৫২৪ (তাইজুল)।

শ্রীলঙ্কা বোলিং :

সুরাঙ্গা লাকমল : ৩৬-১৪-৮১-১, বিশ্ব ফার্নান্দো : ৩৫-৯-৯৬-৪, লাহিরু কুমারা : ২৮-৪-৮৮-১, অ্যাঞ্জেলো ম্যাথুস : ৭-১-১৪-০, ধনাঞ্জয়া ডি সিলভা : ৩০-১-১৩০-১, হাসারাঙ্গা ডি সিলভা : ৩৬-২-১১১-০, করুনারত্নে : ১-০-৬-০।

শ্রীলঙ্কা প্রথম ইনিংস                 রান   বল   চার  ছয়

দিমুথ করুনারত্নে অপরাজিত                 ৮৫    ২১১      ৮       ০

লাহিরু থিরিমান্নে এলবিডব্লিউ ব মিরাজ   ৫৮    ১২৫     ৮       ০

ওশাদা ফার্নান্দো ক লিটন ব তাসকিন      ২০     ৪৩      ৪       ০

অ্যাঞ্জেলো ম্যাথুস বোল্ড ব তাইজুল         ২৫      ৩২      ৪       ০

ধনাঞ্জয়া ডি সিলভা অপরাজিত              ২৬      ৩০      ৪       ০

অতিরিক্ত (বা ৪, লে বা ৫, নো ৩, ও ৩)           ১৫

মোট (৭৩ ওভার, ৩ উইকেট)      ২২৯

উইকেট পতন : ১/১১৪ (থিরিমান্নে), ২/১৫৭ (ফার্নান্দো), ৩/১৯০ (ম্যাথুস)।

বাংলাদেশ বোলিং :আবু জায়েদ : ৭-১-২৫-০, তাসকিন আহমেদ : ১২-৩-৩৫-১, এবাদত হোসেন : ১০-১-৪৪-০, মেহেদী হাসান মিরাজ : ২৪-৬-৬০-১, তাইজুল ইসলাম : ২০-৫-৫৬-১।