মহারাষ্ট্রে হাসপাতালে আগুন ১৩ কোভিড রোগীর মৃত্যু

ভারতের মহারাষ্ট্রে একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিবিড় পরিচর্যা ইউনিটে থাকা অন্তত ১৩ কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। মুম্বাই থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত বিরারের বিজয় বল্লভ হাসপাতালে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সূচনা হয়।

হাসপাতালের প্রধান নির্বাহী দিলীপ শাহ শুক্রবার সকালে সাংবাদিকদের বলেন, ‘ঘটনার সময় প্রায় ৯০ জন রোগী হাসপাতালে ভর্তি ছিলেন। ১৩ জনের মৃত্যু হয়েছে। ২১ জনের অবস্থা সংকটাপন্ন ছিল, তাদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে আগুন লাগার পর বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে হাসপাতাল কর্মীদের প্রাণান্ত চেষ্টার চিত্র দেখা গেছে। আগুন লাগার খবর পেয়ে রোগীদের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবরা পালঘর জেলায় অবস্থিত হাসপাতালটিতে ছুটে আসেন।

 ভোর সাড়ে ৫টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে দমকল কর্মীরা জানিয়েছেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাজ্যটির মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে বিরারে হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।

বিরারে এমন এক সময় হাসপাতালে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটল যখন সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ব্যতিব্যস্ত মহারাষ্ট্রকে কোভিড-১৯ শনাক্ত রোগীর ঊর্ধ্বগতি ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায়ও পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যে ৬৭ হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। মহামারিতে ভারতের মধ্যে               সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্রে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে গেছে।