পূর্ব জেরুজালেমে ত্রিমুখী সংঘর্ষে আহত শতাধিক

 বিবিসি ও রয়টার্স

পূর্ব জেরুজালেমে কট্টরপন্থি ইহুদি, ফিলিস্তিনি ও ইসরাইলি পুলিশের মধ্যে সংঘর্ষে শতাধিক আহত হয়েছে বলে ফিলিস্তিনি রেডক্রস জানিয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের দামেস্ক গেটে ‘আরবদের মৃত্যু’ কামনা করে স্লোগান দেওয়া কয়েক শ কট্টর জাতীয়তাবাদী ইসরাইলি ফিলিস্তিনি বিক্ষোভকারীদের মুখোমুখি হয়। পরিস্থিতি সামলাতে পুলিশকে স্টান গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়তে হয়েছে। সংঘর্ষের ঘটনায় কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।

ফিলিস্তিন রেড ক্রস জানিয়েছে, সংঘর্ষে অন্তত ১০০ ফিলিস্তিনি আহত হয়েছে; তাদের মধ্যে ২১ জনকে হাসপাতালে নিতে হয়। রমজানে ইফতারের সময় দামেস্ক গেটে জড়ো হওয়ার রীতি আছে ফিলিস্তিনিদের। ইসরাইলি পুলিশ এখন তাতে বাধা দেওয়ার চেষ্টা করছে বলেও বৃহস্পতিবার অভিযোগ করেছে ফিলিস্তিনিরা। পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, যে কোনো ধরনের ‘দাঙ্গা ও সহিংসতা’ রোধে ত্বরিত পদক্ষেপ নেওয়া হবে বলে তারা আগেই সতর্ক করেছিলেন।

ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলের দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে থাকা জেরুজালেমকে ইহুদি, মুসলমান ও খ্রিস্টান তিন ধর্মের অনুসারীরাই পবিত্র শহর হিসেবে দেখে। ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করে নেয়। অন্যদিকে ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকেই তাদের ভবিষ্যত্ রাষ্ট্রের রাজধানী বলে দাবি করে আসছে।