হরিয়ানার মহানুভব চোর!

ফেরত দিল ১ হাজার ৭০০ ডোজ করোনার টিকা

ভারতে চুরি করার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই ১ হাজার ৭০০ ডোজ ভ্যাকসিন ফেরত দিল হরিয়ানার এক চোর। আসলে সে নাকি জানতই না, ঐ ব্যাগে করোনার ভ্যাকসিন। নিজের অজান্তেই করা সেই ‘ভুল’ শুধরে নিতেই ছোট চিরকুট লিখে ভ্যাকসিনের পুরো ব্যাগটিই ফেরত রেখে গিয়েছে সে। সংবাদ প্রতিদিন। বৃহস্পতিবার দেখা যায়, হরিয়ানার জিন্দ জেলার পিপি সেন্টার জেনারেল হাসপাতালের স্টোর রুমে রাখা ১ হাজার ৭১০টি টিকার ডোজ চুরি গেছে। স্টোর রুমে একটি ব্যাগে কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড দুই রকম টিকাই ছিল। ঐ দিন হাসপাতালের স্টোর রুম খুলে দেখা যায়, সেখানে একটি টিকাও নেই। দরজা ভেঙে শুধু টিকাগুলোই চুরি করেছে চোর। স্টোর রুমে বাকি ওষুধ বা অন্য চিকিত্সার উপকরণ যা ছিল, সেগুলোতে হাত দেওয়া হয়নি। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই নিজের ভুল বুঝতে পেরে টিকাগুলো ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়। একই দিন দুপুরে জিন্দের সিভিল লাইন থানার সামনে এক ব্যক্তিকে টিকার ব্যাগটি দেয় সে। ঐ ব্যক্তিকে সে জানায়, ব্যাগটিতে পুলিশ কর্মীদের জন্য খাবার আছে। তাড়া থাকায় নিজে পৌঁছে দিতে পারছে না।