বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং উগ্র সাম্প্রদায়িক দানবের প্রকাশ্য পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শুক্রবার সকালে সরকারি বাসভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত অসহায়, কর্মহীন মানুষের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের সব ঘটনার সঙ্গে বিএনপি জড়িত ছিল।
‘সরকার দেশকে নরকপুরিতে পরিণত করেছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বিবৃতির জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রকৃতপক্ষে সরকার নয়, জনগণ মনে করে বিএনপির উসকানিতে একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী গত ২৬ মার্চ দেশের বিভিন্ন স্থানে নরকপুরি বানিয়েছিল। সরকার নয়, আন্দোলনের নামে প্রকাশ্যে ও গোপনে বিএনপির আগুন সন্ত্রাসই বর্বরতার নামান্তর।
জনগণের ওপর প্রতিশোধ নিতে বিএনপিই এখন বর্বরতা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা ২০০১ সালে নির্বাচনের পর যেমনি বর্বরতা চালিয়েছিল সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর তেমনি আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর। তিনি বলেন, জনগণের সহায়তায় সরকার সাম্প্রদায়িক দানবীয় অপশক্তিকে মোকাবিলা করেই এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। ওবায়দুল কাদের আশাবাদ ব্যক্ত করে বলেন, অন্ধকারের অপশক্তির কালো দাঁত ভেঙে মুক্তিযুদ্ধের বাংলাদেশ এগিয়ে যাবে সম্ভাবনার সোনালি দিগন্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।
আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে আজ অবধি মানুষের পাশে থেকে আস্থা অর্জন করা একমাত্র রাজনৈতিক দল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, চলমান করোনা সংকটেও সরকারের পাশাপাশি আওয়ামী লীগ সারাদেশের অসহায়, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জনপ্রতিনিধি ও দলের নেতাকর্মীরা শুধু সুরক্ষাসামগ্রী নয় নগদ অর্থ ও খাদ্য সহায়তা নিয়েও মানুষের পাশে দাঁড়িয়েছেন।