উখিয়ার শরণার্থী ক্যাম্প থেকে স্বামী-স্ত্রীসহ তিন রোহিঙ্গার গলাকাটা লাশ উদ্ধার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান-এপিবিএন। কক্সবাজার-১৪ এপিবিএন-এর অধিনায়ক এসপি নাঈমুল হক জানান, শুক্রবার সন্ধ্যায় রাজাপালং ইউনিয়নের ২-ইস্ট নম্বর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন ঐ ক্যাম্পের বাসিন্দা আলী হোসেনের ছেলে নুরুল ইসলাম (৩৩), তার স্ত্রী মরিয়ম খাতুন (২৬) ও শ্যালিকা হালিমা খাতুন (২০)।
স্থানীয়দের বরাতে এসপি নাঈমুল হক বলেন, উখিয়ার ২-ইস্ট নম্বর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুরুল ইসলাম ও তার স্ত্রী মরিয়ম খাতুনের মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায়ও তাদের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। একপর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে তারা পরস্পরের ওপর হামলা করলে এই খুনের ঘটনা ঘটে।
এপিবিএন কর্মকর্তা আরো বলেন, সন্ধ্যায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এপিবিএন সদস্যরা ক্যাম্প থেকে ঐ তিন জনের মৃতদেহ উদ্ধার করে। এদের মধ্যে মরিয়ম খাতুনের গলাকাটা এবং অপর দুজনের গলাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
উখিয়া থানার ওসি মো. সঞ্জুর মোর্শেদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।