নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিমকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় অপরিচিত নম্বর (০১৮৮৯৮৯০১৭৭) থেকে এই হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় গতকাল শুক্রবার খায়রুল আনম সেলিম সুধারাম থানায় একটি জিডি করেন। এর আগে হুমকির বিষয়টি তিনি তাত্ক্ষণিকভাবে জেলা পুলিশ সুপার ও সুধারাম থানার ওসিকে অবহিত করেন।
এ বিষয়ে খায়রুল আনম সেলিম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মোবাইল ফোন নাম্বারে একটি অপরিচিত নাম্বর থেকে কল আসে। কলটি রিসিভ করার পর অপর প্রান্ত থেকে তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে বলা হয়, ‘তোকে শেষ করে ফেলব, তোকে কেউ বাঁচাতে পারবে না। তুই এসপি-ডিসির দালালি করিস। তারাও তোকে বাঁচাতে পারবে না। মন্ত্রী ওবায়দুল কাদের ও এমপি একরাম চৌধুরী তারাও তোকে বাঁচাতে পারবে না। তদেরকেও শেষ করে দেওয়া হবে।’ ওবায়দুল কাদের ও একরাম চৌধুরীর নাম ধরেও গালমন্দও করে। তিনি ঐ ব্যক্তির পরিচয় জানতে চাইলে আবারও একই কথা বলে ফোন কেটে দেন।
এ বিষয়ে পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, হুমকির বিষয়টি জানানোর পর ঐ ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়। ফোন নম্বরটি যখন চালু ছিল, তখন কোম্পানীগঞ্জে ব্যবহার হয়েছিল। গতকাল বিকালে এ ঘটনায় জিডি করেন জেলা আওয়ামী লীগের সভাপতি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।