কুমিল্লায় অপহরণের পাঁচ দিন পর আদিত্য তানিম নামে এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকা থেকে অভিযান চালিয়ে ঐ স্কুলছাত্রকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী চক্রের এক সদস্যকেও গ্রেফতার করা হয়। আদিত্য তানিম জেলার বরুড়া পৌর এলাকার আনোয়ার হোসেনের ছেলে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
জানা যায়, আদিত্য তানিমকে গত ১৮ এপ্রিল বাড়ির কাছ থেকে অপহরণ করে একটি চক্র। তাকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়। বৃহস্পতিবার রাতে তানিমের চাচা সুলতান আহম্মদের মোবাইল ফোনে কল করে অপহরণকারী চক্রটি ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি জেনে পুলিশ অপহরণকারীদের ধরতে ফাঁদ পাতে। সেই ফাঁদে পা দিলে অপহরণকারী চক্রের সদস্য আবু ইউসুফ নামে এক জন গ্রেফতার হয়। আবু ইউসুফ নোয়াখালীর সেনবাগ উপজেলার ঠনারপাড় গ্রামের ইসমাইল মিয়ার ছেলে। বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ আহম্মেদ জানান, কৌশলে মুক্তিপণের টাকা নিয়ে আমরা অভিযানে না গেলে হয়তো ঐ শিশুটিকে বাঁচানো যেত না। বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, থানায় মামলা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অপহরণকারী চক্রের অপর সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।