ফতুল্লায় গ্যাসের চুলার পাইপলাইনে বিস্ফোরণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে গ্যাসের চুলার পাইপলাইন বিস্ফোরণে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে পাঁচ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। অপর ছয় জনকে স্থানীয় হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। শুক্রবার ভোরে সদর উপজেলার ফতুল্লা থানার তল্লা এলাকায় মডেল গার্মেন্টসের দক্ষিণ পাশে স্থানীয় মফিজুল ইসলামের তিন তলা বাড়ির ৩য় তলার ফ্ল্যাট বাসায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘরের দুটি দেওয়াল ধসে আসবাবপত্র চুরমার হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নেভানোসহ দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

দগ্ধরা হলেন—হাবিবুর রহমান (৫০) তার স্ত্রী আলেয়া বেগম (৪২) লিমন (২০) সাথী (২০) মীম (২০) মাহিরা (৩ মাস)  সোনাহার (৪০) শান্তি (৩২) সামিউল (২০) মনোয়ারা (২২) ও আরেক জনের নাম পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ঐ বাড়ির তৃতীয় তলায় গার্মেন্টস শ্রমিক কয়েকটি পরিবার বসবাস করে। রাতে একটি পরিবারের লোকজন চুলার বার্নার বন্ধ না করেই ঘুমিয়ে পড়ে। এতে চুলা থেকে গ্যাস বের হয়ে রান্নাঘরসহ অন্যান্য ঘরে ছড়িয়ে জমাট বেঁধে থাকে। ভোরে রান্নার জন্য চুলায় আগুন জ্বালালে গ্যাসের পাইপলাইনের বিস্ফোরণ ঘটে। এসময় তিন মাস বয়সি একটি শিশু, ছয় জন নারী ও চার জন পুরুষ আগুনে দগ্ধ হন। তাদের মধ্যে শিশুসহ পাঁচ জনকে গুরুতর অবস্থায় ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং ছয় জনকে সদরের জেনারেল হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি পাঁচ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিত্সকরা জানিয়েছেন।

জেলা প্রশাসনের তদন্ত কমিটি গঠন : এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। এ সময় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা, তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তা, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, নারায়ণগঞ্জের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।  জেলা প্রশাসক জানান, ‘দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’ পরে তিনি অগ্নিদগ্ধ ভবনটি সিলগালা করে দেওয়ার নির্দেশ দেন।