টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের গুলিতে স্থানীয় এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এ ঘটনায় আরো একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। গত বৃহস্পতিবার রাত ৮টায় হ্নীলা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জামবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, রোহিঙ্গা ডাকাত হাশিম উল্লাহ, কালু ও নুরাইয়া গ্রুপে যোগ দেওয়া স্থানীয় গোলাম নবীর পুত্র আব্দুর রহমান প্রকাশ গেজিকে ভালো পথে ফিরিয়ে আনতে জাদিমোরার হেলাল উদ্দিন, ইলিয়াছ, আবছার, মোবারক, হাবিব উল্লাহ ও গুজা মোস্তাকসহ ৩০/৩৫ জন মিলে আলোচনায় বসে। এ সময় রোহিঙ্গা ডাকাত হাশিম উল্লাহ, কালু, নুরুসহ ১০/১৫ জনের একটি গ্রুপের সঙ্গে কথা কাটাকাটি হয়। তখন ক্ষিপ্ত হয়ে হাশিম উল্লাহ, কালু, নুরু গুলি চালায়। এতে মোহাম্মদ হোসেন (৩০) ও পুরান রোহিঙ্গা মুজিবুল্লাহর পুত্র আয়াজ উদ্দিন (১৯) নামে দুই জন গুলিবিদ্ধ হয়। উপজেলা সদর হাসপাতালে পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক মো. হোসেনকে মৃত ঘোষণা করেন। হোসেন একজন অটোরিকশা চালক ছিলেন। হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী রোহিঙ্গাদের এই ধরনের আচরণে ক্ষোভ প্রকাশ করেন। টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, সন্ত্রাসীদের আটক করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে