ফেসবুকে সরকারবিরোধী উসকানিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে নোয়াখালী জেলা হেফাজত ইসলামের সহ-প্রচার সম্পাদক মাওলানা ইমরান নোমানীকে (৩৩) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে জেলা শহর মাইজদীর মধুসূদনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের মাওলানা নোমানুর রশীদ আশ্রাফীর ছেলে। জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছৈয়দ ফজলে রাব্বি স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত আসামি ইলেকট্রনিকস ডিভাইস মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করে প্রধানমন্ত্রীকে কটূক্তি ও হেয়প্রতিপন্ন, ইচ্ছাকৃতভাবে অবমাননা, আক্রমণাত্মক, মিথ্যা, ভীতি প্রদর্শন, মানহানিকর তথ্য ও ছবি প্রকাশ করে এবং তার ফেসবুক পেজে হেফাজতে ইসলামি বাংলাদেশ সংগঠনের পক্ষে বিতর্কিত পোস্ট দিয়ে স্থানীয় জনমনে অস্থিরতা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টায় তিন-চার দিন ধরে সরকারবিরোধী নানা উসকানিমূলক স্ট্যাটাস দিয়ে আসছেন। এ কারণে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ আশিকুর রহমান বাদী হয়ে সুধারাম মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। গতকাল শুক্রবার দুপুরে তাকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।