দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা গ্রামে পাওনা টাকা নিয়ে সালিশি বৈঠক চলাকালে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা গ্রামের বটতলায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতদের কুষ্টিয়া জেনারেল ও দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেহালা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শেহালা গ্রামের পলাশ শেহালা মাধ্যমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার নাম করে একই এলাকার রাকিবুল, জামসেদ ও মাফুর নিকট হতে সাড়ে ১৩ লাখ টাকা নেন। চাকরি দিতে ব্যর্থ হয় সভাপতি পলাশ। টাকা ফেরত দিতে গড়িমসি শুরু করে। টাকা না পেয়ে রাকিবুল, জামসেদ ও মাফু শেহালা গ্রামের ইউপি সদস্যের দারস্থ হলে এ নিয়ে উভয় পক্ষ শুক্রবার বটতলায় সালিশে বসে। সালিশে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে পলাশ, পাশা, ইছাহক ও রানা ক্ষুব্ধ হয়ে রিন্টু মেম্বারের ওপর হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে উভয়পক্ষে ২০-৩০ জন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পালটা ধাওয়া চলে। সংঘর্ষের খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে রিন্টু মেম্বার, আসাদুল, মাফু, কিতাব, আনিছুর, গেদা, পলাশ, পাশা, ইছাহক, আকরাম, রানা ও খেজমত আহত হলে তাদের কুষ্টিয়া জেনারেল ও দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং আহতদের কুষ্টিয়া ও দৌলতপুর হাসপাতালে চিকিত্সার জন্য পাঠানো হয়। এ ব্যাপারে উভয় পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।