চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাহাবউদ্দিন আর নেই

চট্টগ্রাম অফিস

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবউদ্দিন (৭০) আর নেই। গতকাল শুক্রবার নগরীর পাঁচলাইশ ডেল্টা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে রেখে গেছেন। গতকাল চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার মিঠানালা এলাকায় গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে সাহাবউদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। পারিবারিক সূত্র জানায়, গত ২৮ মার্চ করোনা শনাক্ত হওয়ার পর মো. সাহাবউদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হওয়ার পর তিনি হাসপাতাল থেকে বাসায় চলে যান। কয়েক দিন আগে অসুস্থ বোধ করলে পুনরায় তাকে ডেল্টা হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আইসিইউতে চিকিত্সাধীন ছিলেন। মো. সাহাবউদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ও যুদ্ধকালীন সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ  হোসেন এমপি।