পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রাজনৈতিক প্রতিশ্রুতি ও সদ্বিচ্ছা থাকলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজনীয় অর্থের অভাব হবে না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত ‘লিডার্স সামিট অন ক্লাইমেট’ নিয়ে গতকাল শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী ঐ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সম্মেলনে আমন্ত্রণ জানানোর জন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তন এবং জলবায়ু-বিষয়ক এই সম্মেলনের আয়োজন করায় বাংলাদেশের পক্ষ থেকে তিনি অভিনন্দন জানান।
এ শীর্ষ সম্মেলনের মধ্য দিয়ে বিশ্বের বিরাজমান সর্ববৃহত্ হুমকির প্রতি বিশ্ব নেতৃত্ব আরো সুসংহত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। তিনি বলেন, আমরা চাই বার্ষিক ১০০ বিলিয়ন মার্কিন ডলারের প্রাপ্যতা নিশ্চিত হোক এবং তা ৫০-৫০ শতাংশ অনুসারে অভিযোজন এবং প্রতিকার কার্যক্রমের মধ্যে ভারসাম্য রেখে বণ্টন হোক। যাতে এর মাধ্যমে লোকসান ও ক্ষয়ক্ষতির প্রবিধান করা যায় এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ মানুষের প্রতি বিশেষ নজর রাখা যায়। রাজনৈতিক সদ্বিচ্ছা ও প্রতিশ্রুতি থাকলে এই অর্থ প্রাপ্তিতে কোনো সমস্যা হবে না।