ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব

জড়িতদের বিচার চেয়ে হেফাজত নেতা আব্দুর রহিম কাশেমীর পদত্যাগ

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবের ঘটনায় জড়িতদের বিচার চেয়ে পদত্যাগ করেছেন হেফাজত নেতা মুফতি আব্দুর রহিম কাসেমী। হেফাজত তাণ্ডব ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করতে গতকাল শুক্রবার সাংবাদিকদের কাছে পাঠানো লিখিত বক্তব্যে জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রহিম কাসেমী বলেন, স্বাধীনতার ৫০ বছর উদ্যাপন উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে দেশব্যাপী হেফাজতে ইসলামের ডাকে যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তা নজিরবিহীন ও অমানবিক। দেশ ও জনগণের জানমালের ক্ষতি কোনোভাবেই ইসলামসম্মত নয়। তাই আমি ব্যক্তিগতভাবে এ সমস্ত কার্যক্রম থেকে নিস্ক্রিয় থাকি এবং আমার তত্ত্বাবধানে পরিচালিত সমস্ত মাদ্রাসা সমূহের শিক্ষক ও ছাত্রদের এ সব দেশ ও ইসলামবিরোধী কাজে যোগদান না করতে বাধ্য করি।

তিনি বলেন, রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আক্রমণ ও ক্ষয়ক্ষতি এবং হরতাল চলাকালে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ জানমালের যে ক্ষয়ক্ষতি হয় তাতে আমি এবং আমার মাদ্রাসার কোনো ছাত্র অংশগ্রহণ করেনি। আমি হেফাজতে ইসলামের চলমান কোনো কার্যক্রমের সঙ্গে জড়িত না। তাই হেফাজতের দায়ভার আমি নিব না। এমনকি আমি হেফাজতের সকল প্রকার নাশকতামূলক কার্যক্রমকে শরীয়তের দৃষ্টিতে অবৈধ বলে মনে করি।

তিনি আরো বলেন, এ প্রেক্ষাপটে আনুষ্ঠানিকভাবে হেফাজতে ইসলামের সকল কার্যক্রম এবং কেন্দ্রীয় ও জেলা কমিটির পদসমূহ থেকে পদত্যাগ করছি। যাদের প্ররোচনায় দেশ ও জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য সরকার ও প্রশাসনের প্রতি অনুরোধ করছি।