আবারো জনসনের টিকা ব্যবহারের অনুমোদন যুক্তরাষ্ট্রের

আবারো জনসন অ্যান্ড জনসনের কোভিড- ১৯ টিকার ব্যবহার শুরু করার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দেশটির স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা এ কথা জানায়।

গত ১৪ এপ্রিল রক্ত জমাট বাঁধার নিয়ে জটিলতার কারণে জেঅ্যান্ডজে’র টিকা ব্যবহার স্থগিত করেছিল মার্কিন স্বাস্থ্য সংস্থা। দেশটির অনেক লোকই জেএন্ডজে’র টিকা নিয়েছিল। কিন্তু কিছু সংখ্যক লোক রক্তে জমাট বাঁধার সমস্যায় আক্রান্ত হয়।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন ও রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) এক যৌথ বিবৃতিতে বলা হয়, আমরা সিদ্ধান্তে এসেছি ১৮ কিংবা তারচেয়ে বেশি বয়সীদের ক্ষেত্রে জনসনের টিকার সম্ভাব্য ঝুঁকির চেয়ে এর উপকারিতা বেশি।

সিডিসি’র প্রধান রোশেলে ওয়ালেনস্কি বলেছেন, রক্ত জমাট বাঁধার ব্যতিক্রমী ও বিরল বিষয়টি শনাক্ত হয়েছে। স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা অব্যাহতভাবে বিষয়টি মনিটর করে যাবে।

শুক্রবার উপস্থাপিত এক উপাত্তে বলা হয়, ৩৯ লাখ নারী জনসনের টিকা নিয়েছেন। এদের মধ্যে ১৫ জনের শরীরে রক্তে জমাট বাঁধার সমস্যা দেখা দিয়েছে এবং তিন জন মারা গেছে।তবে পুরুষদের মধ্যে এ ধরনের কোনো সমস্যার কথা শোনা যায়নি।

এদিকে ইউরোপের ঔষধ নিয়ন্ত্রক সংস্থা মঙ্গলবার বলেছে, রক্ত জমাট বাঁধার এ সমস্যাকে জনসনের টিকার খুবই ব্যতিক্রমী পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে তালিকাভুক্ত করা উচিত।

ইত্তেফাক/জেডএইচডি